নলছিটির দপদপিয়ায় তিন নদীর মোহনায়..

প্রকাশ: 20 October 2026 । 22:27 | আপডেট: 20 October 2026 । 22:27

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি করেসপন্ডেন্ট:-

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে খয়রাবাদ সেতু-সংলগ্ন তিন নদীর মোহনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নির্ধারিত এলাকা পরিদর্শন শেষে ফলক উন্মোচনের মাধ্যমে পর্যটন কেন্দ্রটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দপদপিয়ার তিন নদীর মোহনা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান। পরিকল্পিতভাবে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার সৌন্দর্য আরও বাড়বে। পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, পর্যটন কেন্দ্রটি নির্মাণের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় পরিবেশ নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আক্কাস সিকদার এবং দপদপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিমন আকনসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডি ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় পর্যটন কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি নির্মিত হলে তিন নদীর মোহনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্থানীয় পর্যটনশিল্পের বিকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!