ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫..

প্রকাশ: 20 October 2026 । 17:08 | আপডেট: 20 October 2026 । 17:08

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি করেসপন্ডেন্ট:-

শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ এবং এ রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। একই সঙ্গে ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি ডায়াবেটিক সমিতির আয়োজনে নির্মাণাধীন সৈয়দ মোয়াজ্জেম জেনারেল ও ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। আক্রান্তদের একটি বড় অংশ জানেন না যে তাঁরা এ রোগে ভুগছেন। তাই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসা গ্রহণ সম্ভব।

তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে ‘থ্রি ডি’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো হলো ডিসিপ্লিন (শৃঙ্খলা), ডায়েট (সুষম খাদ্যাভ্যাস) ও ড্রাগ (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ)। নিয়মতান্ত্রিক জীবনযাপন, স্বাস্থ্যসম্মত খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা যায়।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছেন। সরকার রোগের চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করতে চায়। এ লক্ষ্যে কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবা জোরদার ও স্বাস্থ্য হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ থেকে ৭৩ শতাংশ অসংক্রামক রোগের সঙ্গে সম্পর্কিত। এ পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি মানুষকে সচেতন করে সুস্থ জীবনযাপনে অভ্যস্ত করতে হবে।

ঝালকাঠি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ জন্য ৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ঝালকাঠি ডায়াবেটিক সমিতির সভাপতি মো. হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মো. আককাস সিকদার। এ সময় ডায়াবেটিক সমিতির সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!