ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ..

প্রকাশ: 19 October 2026 । 11:35 | আপডেট: 19 October 2026 । 11:35

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর মহাখালী ও গুলশান-বনানীর পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই সংগ্রামে কে কোন ধর্মের মানুষ, তা বিবেচনায় নেওয়া হয়নি। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—দেশকে ভালোবাসেন এমন সবাই মিলে স্বাধীনতার জন্য লড়াই করেছেন।

তিনি বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে গণতন্ত্র হুমকির মুখে পড়লে জনগণ ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমেছে। এসব আন্দোলনেও ধর্মীয় পরিচয় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সেদিনও দলমত নির্বিশেষে নারী-পুরুষ এবং সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমেছিলেন। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ-অভ্যুত্থানকে সফল করেছিলেন।

দেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ স্বাধীন করা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যেমন ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেওয়া হয়নি, তেমনি ভবিষ্যতে দেশ গড়ার ক্ষেত্রেও দেখা হবে নাগরিক পরিচয়। তাঁর ভাষ্য, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে। সেই অধিকার প্রতিষ্ঠায় প্রতিটি ধর্ম ও পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যে এ দেশে বিভিন্ন ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্ত রয়েছে। আগামী হাজার বছরও যেন সব ধর্মের মানুষ শান্তিতে একসঙ্গে বসবাস করতে পারেন, সেটিই সবার প্রত্যাশা হওয়া উচিত।

এর আগে রাতে প্রধানমন্ত্রী মহাখালী রক্ষাকালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। সেখানে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারি ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!