দুর্গাপূজায় নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই..
প্রকাশ: 16 October 2026 । 20:50 | আপডেট: 16 October 2026 । 20:50
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
শারদীয় দুর্গাপূজা ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার আশঙ্কা বা তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপচেষ্টা মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, মণ্ডপের গুরুত্ব ও ধরন বিবেচনায় নিয়ে চার শ্রেণিতে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। ঢাকা মহানগরীর ২৫৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় সরাসরি দায়িত্ব পালন করছেন ২ হাজার ১০০ পুলিশ সদস্য। পাশাপাশি মণ্ডপগুলোর আশপাশে টহল জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, বিজয়া দশমীতে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুল তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা সম্পর্কে সতর্ক করে ডিএমপি কমিশনার বলেন, এসব অপতৎপরতা ঠেকাতে পুলিশের সাইবার টিম নজরদারি চালাচ্ছে। সত্যতা যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করার জন্য তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.