খেলাধুলা গড়বে মাদকমুক্ত সমাজ, বাড়াবে..

প্রকাশ: 15 October 2026 । 13:25 | আপডেট: 15 October 2026 । 13:25

মোঃ শাকিল আহমেদ বামনা করেসপন্ডেন্ট, বরগুনা:-

খেলাধুলা দেশের প্রতিভাবান ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বাড়াবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে খেলাধুলা। এ জন্য দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বরগুনার বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাইক্রোটেক্স ডিজাইনের সৌজন্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

চিফ হুইপ বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হবে। ক্রীড়াঙ্গনের বিকাশ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

টুর্নামেন্টের ফাইনালে পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব ও ডৌয়াতলা সদর একাডেমি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ডৌয়াতলা সদর একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব। রানার্সআপ হয় ডৌয়াতলা সদর একাডেমি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইক্রোটেক্স ডিজাইনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীনসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!