চিকিৎসক-রোগীর নিরাপত্তা সরকারের অগ্রাধিকার :..
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:৫৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ । ১৯:৫৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
চিকিৎসক ও রোগী—উভয়ের নিরাপত্তাই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সচেতন ও সক্রিয় রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে স্বাস্থ্য সেবা বিভাগ আয়োজিত ‘৪৮তম (বিশেষ) বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনের সময় চিকিৎসকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার অধিকারও রক্ষা করতে হবে।
চিকিৎসকদের নিরাপত্তায় সরকারের সাম্প্রতিক পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫ হাজার আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার পাশাপাশি হাসপাতালের সামগ্রিক পরিবেশ ও চিকিৎসাসেবার মান উন্নয়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাসেবার মান বাড়ানো, হাসপাতালের পরিবেশ উন্নত করা এবং রোগীদের প্রয়োজনীয় ওষুধ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের ক্ষোভ ও অসন্তোষ কমবে। মানুষের অসন্তোষের কারণগুলো চিহ্নিত করে সমাধান করা গেলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও এড়ানো সম্ভব হবে।
স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে ২০টি সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এসব অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব নয়। দুর্নীতি, অনিয়ম ও দালালের দৌরাত্ম্যসহ বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে পাওয়া স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনতে বাস্তবভিত্তিক সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
নবীন বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে ড. মুহিত বলেন, বিসিএসে উত্তীর্ণ হওয়া কর্মজীবনের চূড়ান্ত অর্জন নয়; বরং এটি দীর্ঘ কর্মজীবনের সূচনা। চিকিৎসাসেবার পাশাপাশি সরকারি ক্রয় প্রক্রিয়া, ই-টেন্ডারিং ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কেও দক্ষতা অর্জনের জন্য তিনি নবীন চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
মাঠপর্যায়ে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থায় প্রযুক্তি ও গবেষণার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার আধুনিক ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। আগামী দিনের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নবীন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.