বন্যায় স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা শুরু..
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ । ১১:০১ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ । ১১:০১
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে।
সংশোধিত সূচি অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আর স্থগিত আলিম পরীক্ষাও ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ইংরেজি দ্বিতীয় পত্র, আইসিটি, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, যুক্তিবিদ্যা, ভূগোল, আরবি ও পালি, রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের বিভিন্ন পত্র।
সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র, ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। এরপর ২৯ ও ৩১ আগস্ট ভূগোল এবং আরবি ও পালির পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের পরীক্ষা হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর অর্থনীতি ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।
এদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন স্থগিত আলিমের ১১টি বিষয়ের পরীক্ষাও আজ থেকে শুরু হচ্ছে। আজ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়ে ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র, ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র, ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্র, ২৯ আগস্ট হাদিস ও উসূলুল হাদিস এবং ৩১ আগস্ট আইসিটির পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং তাজবিদ প্রথম পত্রের পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত আলিম পরীক্ষা শেষ হবে।
বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে অবশ্য পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.