বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া..

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ । ২৩:১৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ । ২৩:১৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বাংলাদেশ থেকে বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার কারওয়ান বাজারে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনঃএকত্রীকরণ: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, রিক্রুটিং এজেন্সিগুলোর বৈধতা, বিদেশে কর্মীর চাহিদা এবং সংশ্লিষ্ট তথ্য ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা আনা হবে। অবৈধ পথে বিদেশে যাওয়া ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে।

অবৈধভাবে বিদেশে কর্মী পাঠানো চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এসব চক্রের রুট চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আগামী এক মাস সুনামগঞ্জ, হবিগঞ্জ, মাদারীপুরসহ কয়েকটি জেলায় ব্যাপক জনসচেতনতামূলক প্রচার চালানো হবে।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, অনেক মানুষ জমিজমা ও সম্পদ বিক্রি করে বিদেশ যাওয়ার চেষ্টা করেন। পরে বিদেশে গিয়ে বিপদে পড়লে পুরো পরিবার নিঃস্ব হয়ে যায়। তাই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি মসজিদ, মন্দির ও গির্জার মতো ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও নিরাপদ অভিবাসন নিয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, বিদেশি নিয়োগকর্তারা যে দক্ষতার কর্মী চান, অনেক সময় সেই দক্ষতা না থাকা ব্যক্তিদের পাঠানো হয়। এ সমস্যা সমাধানে নিয়োগকর্তাদের প্রতিনিধি বা প্রশিক্ষক বাংলাদেশে এসে কর্মীদের দক্ষতা যাচাই করবেন। সন্তুষ্ট হওয়ার পরই কর্মী নিয়োগ দেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতে ৬ হাজার চালক পাঠানোর ক্ষেত্রে এ পদ্ধতি চালু হয়েছে বলেও জানান তিনি।

প্রবাসীদের সরকারি সেবা সহজ করতে তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু সেবা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, পাসপোর্টসহ বিভিন্ন নথি ডাক বা কুরিয়ার সেবার মাধ্যমে প্রবাসীদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে কাজ চলছে।

এ ছাড়া প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান আরিফুল হক চৌধুরী। সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ কার্ড চালুর বিষয়টি চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে ভূমি, সাবরেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন সরকারি সেবায় প্রবাসীদের অগ্রাধিকার এবং স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!