বাংলাদেশ-সৌদি সম্পর্কে নতুন দিগন্তের ইঙ্গিত..
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬ । ২০:০১ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ । ২০:০১
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
সৌদি আরবের সঙ্গে কৌশলগত ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৌরবিদ্যুৎ, কৃষি, তথ্যপ্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বৈঠকে ওয়ালিদ এল-খেরেইজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে এবং সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব।
তিনি আরও বলেন, সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের আস্থা, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার এ সম্পর্ককে কেবল প্রথাগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চায় না; বরং এটিকে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বে উন্নীত করতে চায়।
বৈঠকে সৌদি প্রতিনিধিদল জানায়, বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী দেশটি।
এ সময় প্রধানমন্ত্রী বিশেষভাবে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি বিনিয়োগ দুই দেশের জন্যই পারস্পরিক লাভজনক হবে।
বৈঠকে সৌদি প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.