জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক অধিকার..
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬ । ১৮:৫২ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ । ১৮:৫২
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জুলাই গণ-অভ্যুত্থানে আত্মত্যাগ বৃথা যায়নি, ৫ আগস্ট গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি বলেন, স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দ, বিজয় এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় এবং বাংলাদেশ স্বৈরশাসন থেকে মুক্তি পায় বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেড় দশকের বেশি সময় ধরে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল, বিভিন্ন মতের মানুষ এবং অসংখ্য নেতা-কর্মী নির্যাতন, গুম, খুন, অপহরণ, হামলা ও মামলার শিকার হয়েছেন। আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাণীতে তিনি অভিযোগ করেন, গণতন্ত্রকামী মানুষের কণ্ঠরোধে দেশে গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ গড়ে তোলা হয়েছিল। সেখানে বহু মানুষকে দীর্ঘদিন আটকে রাখা হয় এবং অনেকেই নিখোঁজ হন। বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমসহ অনেকের এখনো সন্ধান মেলেনি বলেও তিনি উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়। একই সঙ্গে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যাংকিং খাত দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক, রিকশাচালক, পোশাকশ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, নারী-শিশুসহ সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে আসেন। আন্দোলন দমনে গুলিতে বহু মানুষ নিহত ও আহত হন।
প্রধানমন্ত্রী আরও বলেন, রংপুরের শহীদ আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম, ঢাকার মুগ্ধসহ অসংখ্য শহীদের আত্মত্যাগ গণতন্ত্রকামী মানুষের সাহস ও প্রেরণার উৎস হয়ে থাকবে। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছেন এবং অন্তত ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বা দৃষ্টিশক্তি হারিয়েছেন।
তিনি বলেন, ‘হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি।’ জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ঘটে, যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ব্যতিক্রমী ঘটনা বলে তিনি উল্লেখ করেন।
বাণীতে প্রধানমন্ত্রী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, তাঁদের আত্মত্যাগের ঋণ জাতিকে বহন করতে হবে। শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা বা উগ্রবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। জাতীয় ঐক্য অটুট রেখে গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদদের মতোই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদেরও বাংলাদেশ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.