পানি ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি..
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬ । ১৬:৫৫ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ । ১৬:৫৫
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশে টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পানি ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
সভায় দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান সংকট, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য টেকসই সমাধান নিয়ে পরিবেশ, পানি ও প্রকৌশল খাতের বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। এ সময় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি দ্রুত নগরায়ণের বাস্তবতায় সমন্বিত ও কার্যকর নগর পরিকল্পনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষজ্ঞরা পানি খাতে দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন।
তাদের মতামত ও সুপারিশ মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের জন্য নিরাপদ ও আধুনিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফুটস্টেপস বাংলাদেশের ট্রাস্টি ও হেড অব পার্টনারশিপস ফাসবীর এস্কান্দার, সভাপতি শাহ রাফায়াত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তাকী ইয়াসির, বিশ্বব্যাংকের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুজিবুর রহমান, রেড অরেঞ্জের পরিচালক অলোক কুমার মজুমদার, উপ-পরিচালক সামিউল ইসলাম, ইয়ুথ ফর এনডিসির নির্বাহী পরিচালক আমানুল্লাহ পরাগ, গারবেজম্যানের প্রতিষ্ঠাতা ফাহিদ উদ্দিন শুভ এবং নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদ এস এম মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.