চা শিল্পের উন্নয়নে সরকারের পূর্ণ..

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ । ১৫:৫৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ । ১৫:৫৮

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে চা শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও প্রতিনিধিরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি শিল্পের টেকসই উন্নয়নে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী বলেন, চা শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। এ শিল্পের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে সরকার প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে।

তিনি চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের বোঝা কমানো এবং স্বল্প সুদে নতুন ঋণের ব্যবস্থা করার আশ্বাস দেন। একই সঙ্গে চা বাগানের অকৃষি বা অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার কথা জানান। নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক এসব প্রকল্প বাস্তবায়নেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

চা শিল্পের সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর সমাধান দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চা বাগান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!