জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে..

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ । ১৭:৪৩ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ । ১৭:৪৩

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১১ লাখ ২৫ হাজার ইউরো ব্যয়ে তিন বছর মেয়াদি এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং আইওএম বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু-সম্পর্কিত অভিবাসনে সমন্বিত পদ্ধতির প্রসার’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হবে।

চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ড. লরা টম বন্ডে।

প্রকল্পের আওতায় জলবায়ু-সম্পর্কিত অভিবাসন বিষয়ে তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনা জোরদার, গবেষণা ও জ্ঞান বিনিময় সম্প্রসারণ, জলবায়ু কার্যক্রমে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা উন্নয়ন এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট মানব অভিবাসনের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি জাতীয় উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু অভিযোজন কৌশলের সঙ্গে জলবায়ু-সম্পর্কিত অভিবাসনকে সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত হয় এবং তাদের সহনশীলতা বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, তথ্যভিত্তিক নীতিনির্ধারণ, অভিবাসন সুশাসন জোরদার, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আইওএমের ধারাবাহিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই উদ্যোগ দেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় করবে এবং প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আইওএম বাংলাদেশের মিশন প্রধান ড. লরা টম বন্ডে অব্যাহত সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে ধন্যবাদ জানান। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতার প্রশংসা করেন এবং প্রকল্প বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীদার সংস্থাগুলোর সক্রিয় সম্পৃক্ততারও প্রশংসা করেন।

বাংলাদেশ সরকার ও আইওএম উভয়েই জলবায়ু-সম্পর্কিত অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সংশ্লিষ্টদের আশা, এই প্রকল্প বাংলাদেশের জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার পাশাপাশি দক্ষিণ এশিয়াজুড়ে জ্ঞান, অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডির অতিরিক্ত সচিব ও ইউএন উইং প্রধান এ কে এম সোহেল, যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহমিদা হক খান, সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম, আইওএম বাংলাদেশের জাতীয় কর্মসূচি কর্মকর্তা আশফাকুর রহমান খান, সরকারি সংযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোরশেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীদার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!