সাংবাদিক পরিচয় নির্ধারণে প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের..
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ । ১৭:৪৭ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ । ১৭:৪৭
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
কে সাংবাদিক এবং কে সাংবাদিক নন এটি নির্ধারণের জন্য একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম সভা এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে দেশের সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বোচ্চ সংখ্যক মানুষকে অন্তর্ভুক্ত করার মানসিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো যেন সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য ও সর্বজনগ্রাহ্য হয়, সে বিষয়েও কমিটিকে সতর্ক থাকতে হবে।
জহির উদ্দিন স্বপন বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে সকল নাগরিকের প্রতি সমান দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।
গণমাধ্যমকে বহুমাত্রিক ও বহুমতের একটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এখানে ভিন্নমত, ভিন্ন দৃষ্টিভঙ্গি ও নানা চিন্তার মানুষের সহাবস্থানই স্বাভাবিক। তাই সংকীর্ণতা বা পক্ষপাত নয়, বরং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতেও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই রাজনৈতিক নেতৃত্বের প্রকৃত দক্ষতা ও সক্ষমতা প্রকাশ পায়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের অন্যতম কৌশলগত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল মন্ত্রণালয় হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। তাই তাৎক্ষণিক বিষয় বিবেচনার পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রভাব মাথায় রেখে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে। কমিটির সদস্যদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার ওপরই সিদ্ধান্তের সার্বিক গ্রহণযোগ্যতা নির্ভর করবে।
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলম, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.