তরুণদের এগিয়ে নিতে অনুপ্রেরণার পাশাপাশি..

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ । ১৫:২৫ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ । ১৫:২৫

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বাংলাদেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, তাদের বিকাশে শুধু অনুপ্রেরণা নয়, প্রয়োজন সমান সুযোগ এবং শক্তিশালী প্রাতিষ্ঠানিক সহায়তা।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে তাদের সংগ্রাম, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন জাইমা রহমান।

তিনি জানান, সম্প্রতি বিভিন্ন জেলা থেকে আসা কয়েকজন মেধাবী শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। স্কাউটিং, বিজ্ঞানমেলা, বিতর্ক, খেলাধুলা, পরিবেশ সংরক্ষণ, সংগীত, শিল্পকলা, ভাষা শিক্ষা ও কোডিংসহ নানা ক্ষেত্রে তারা অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও নিজেদের দক্ষতা বাড়াতে তারা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

জাইমা রহমান বলেন, দেশে মেধাবী তরুণ-তরুণীর কোনো ঘাটতি নেই। কিন্তু অল্প বয়সেই অনেককে আর্থিক সংকট, পারিবারিক দায়িত্ব এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তার অভাবের মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। অনেকের কাছে সফল হওয়া যেন একমাত্র পথ হয়ে দাঁড়ায়।

রোল মডেলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তরুণদের অনুপ্রাণিত করতে কাউকে বিখ্যাত বা নিখুঁত হতে হয় না। একজন বাবা-মা, শিক্ষক, প্রশিক্ষক কিংবা সমাজের যেকোনো সংগ্রামী মানুষও একজন তরুণের জন্য অনুকরণীয় হতে পারেন। তাদের জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মকে সাহস, আত্মবিশ্বাস ও এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতে পারে।

তিনি আরও বলেন, অনুপ্রেরণার জন্য সব সময় দেশের বাইরের দিকে তাকানোর প্রয়োজন নেই। বাংলাদেশেই এমন অসংখ্য মানুষ রয়েছেন, যাদের সাহস, মেধা এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা তরুণদের জন্য দৃষ্টান্ত হতে পারে।

জাইমা রহমান বলেন, শুধু অনুপ্রেরণা দিলেই হবে না; প্রতিটি শিশুর জন্য এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা সমানভাবে শিক্ষা, খেলাধুলা এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ পাবে। একই সঙ্গে তিনি তরুণদের বিকাশে সমাজের সব স্তরের মানুষকে আরও সক্রিয়ভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পোস্টের শেষে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের যোগ্য ও মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই; তারা প্রতিনিয়তই নিজেদের মেধার প্রমাণ দিচ্ছে। কিন্তু যখন তাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন আমরা কি সত্যিই তাদের পাশে দাঁড়াতে পারছি? তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে পারছি?

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!