বিএনপির জন্ম জনগণের ভেতর থেকে,..
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ । ২২:২০ | আপডেট: ১৭ জুলাই ২০২৬ । ২২:২০
মোঃ লুৎফর রহমান, ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুরঃ
সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “বিএনপির জন্ম হয়েছে জনগণের ভেতর থেকে। বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, আত্মসমর্পণেরও নয়। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। জনগণ ভালো থাকতে চায় এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সবাইকে জনগণের ভোটাধিকারের প্রতি সম্মান জানাতে হবে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা অডিটোরিয়ামে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ, সার, গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার ধারাবাহিকভাবে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করছে। বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির বিকল্প নেই। কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রাজনৈতিক প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দলের জন্ম হয়েছে জনগণের ভেতর থেকে। বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়ার নয়, আত্মসমর্পণেরও নয়। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা নতুন উদ্যমে কৃষিকাজে ফিরতে পারবেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকদের মাঝে উন্নতমানের বীজ, রাসায়নিক সার, ফলদ ও বনজ গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপকারভোগী কৃষক-কৃষাণী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কৃষি সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষিতে নতুন উদ্যম সৃষ্টি করবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এই সহায়তা খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.