আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
প্রকাশ: 16 July 2026 । 10:14 | আপডেট: 16 July 2026 । 10:14
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যু সারা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন গণঅভ্যুত্থানের পথে নতুন গতি পায়।
১৬ জুলাই রংপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, লাঠিচার্জ ও গুলি চালায়। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ ঘটনাস্থলেই নিহত হন। পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে এবং দেশজুড়ে প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়ে।
একই দিনে চট্টগ্রামে সংঘর্ষে কলেজশিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী ফয়সাল আহমেদ এবং ফার্নিচার কর্মচারী মো. ফারুক নিহত হন। রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে প্রাণ হারান হকার মো. শাহজাহান ও সাবুজ আলী। বিভিন্ন সূত্র অনুযায়ী, ওই দিন অন্তত ছয়জন নিহত হন।
এসব ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি জেলায় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয় এবং এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়।
১৬ জুলাইয়ের রক্তাক্ত ঘটনার পর আন্দোলন আরও বিস্তৃত হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। কয়েক সপ্তাহের মধ্যেই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং তৎকালীন সরকারের পতন ঘটে।
জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আবু সাঈদের আত্মত্যাগ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জাতির প্রতিরোধের চিরন্তন প্রতীক। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পৃথক বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ সারা দেশে আলোচনা সভা, দোয়া মাহফিল, স্মরণসভা, পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে সেই সব বীর সন্তানকে, যাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.