বেসামরিক বিমান খাতে সহযোগিতা বাড়াতে..
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ । ১৮:৫৯ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ । ১৮:৫৯
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে সরকার। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এমপি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লে (Jean Marc Sere Charlet), যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ কুক (Sarah Cooke), স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা (Gabriel Sistiaga), জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনজা টেরস্টেন (Anja Tersten) এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের ডেপুটি চিফ বাইবা জেরিন (Baiba Zerin) উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিশেষ করে বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের অংশ হিসেবে এয়ারবাস উড়োজাহাজ যুক্ত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে একটি টেকসই মিক্সড ফ্লিট গড়ে তুলতে এয়ারবাস কেনার বিষয়ে সরকারের আগ্রহের কথা জানান।
জবাবে ইউরোপীয় প্রতিনিধিরা এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.