মতপার্থক্য থাকতে পারে, ঐক্যে যেন..

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ । ১০:১৬ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ । ১০:১৭

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দলীয় নেতাকর্মীদের বিগত ১৭ বছরের মতো ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। অতীতে যেভাবে সবাই ঐক্যবদ্ধ ছিলেন, ভবিষ্যতেও সেই ঐক্য অটুট রাখতে হবে।”

সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা অ্যাকাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিগত জাতীয় নির্বাচনে নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধভাবে দলকে বিজয়ী করেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনেও একইভাবে ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, “ঐক্য অটুট থাকলে ফ্যাসিস্ট শক্তি, গুপ্তচক্র কিংবা ষড়যন্ত্রকারীরা কোনোভাবেই সুযোগ নিতে পারবে না। কিন্তু ঐক্যে ফাটল ধরলেই তারা সুবিধা নেওয়ার চেষ্টা করবে।”

১৭ বছরের ত্যাগ স্মরণ

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছরে গুম, খুন, মামলা ও নির্যাতনের মধ্যেও নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন। পরিবার-পরিজনের চেয়েও বেশি সময়, শ্রম ও অর্থ দলকে দিয়েছেন। তখন সবাই একে অপরের পাশে ছিলেন। এখন যখন সেই ভয়াবহ পরিস্থিতি নেই, তখন ঐক্য ধরে রাখতে না পারার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

হাইব্রিড ও গুপ্তদের বিষয়ে সতর্কবার্তা

দলকে সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এখনও দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে। তাই দল গোছানোর ক্ষেত্রে ‘হাইব্রিড’ ও ‘গুপ্ত’ অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা যেন কোনোভাবেই দলের নেতৃত্বের জায়গায় প্রবেশ করতে না পারে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতির আহ্বান

তিনি বলেন, নেতাকর্মীদের ত্যাগের কারণেই বিএনপি সরকার গঠন করতে পেরেছে। তাই সরকারকে সফলভাবে পরিচালনা করতে হলে তৃণমূলকে আরও শক্তিশালী করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “নির্বাচন অবশ্যই হবে। তবে তার আগে প্রয়োজন সুপরিকল্পিত প্রস্তুতি ও দলীয় ঐক্য। স্থানীয়ভাবে বসে আলোচনা করে চেয়ারম্যান, সদস্য এবং সাংগঠনিক নেতৃত্ব নির্ধারণ করতে হবে। আমরা দলকে সামনে নিয়ে এগোতে চাই।”

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার নির্দেশনা

আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, কোনোভাবেই যেন কেউ অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ না পায়। সব ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ

বক্তব্যের শুরুতে গত ১৭ বছরের উন্নয়নের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার হয়েছে। তার দাবি, বড় বড় প্রকল্পে অস্বাভাবিক ব্যয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন প্রকল্পের ব্যয়ের তুলনা টেনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

উন্নয়ন শুধু অবকাঠামো নয়

তারেক রহমান বলেন, উন্নয়ন শুধু রাস্তা-ঘাট বা ফ্লাইওভার নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন ও জনসেবামূলক খাতেও সমান গুরুত্ব দিতে হবে।

তিনি জানান, উপজেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশে এক হাজার শিশু হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ

দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি, ব্যাংকিং, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা সংকটাপন্ন অবস্থায় ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জবাবদিহিতার অভাবের কারণেই এসব খাত ধ্বংসের মুখে পড়েছে।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অতিরিক্ত প্রায় ২৫ হাজার কোটি টাকার চাপ তৈরি হয়েছে।

দায়িত্বশীল হওয়ার আহ্বান

বক্তব্যের শেষদিকে একটি পরিবারের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, সবাই যদি দায়িত্বশীল না হয়, তাহলে একজনের পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়। একইভাবে দেশ পরিচালনায়ও সবাইকে দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, “আপনারা এখন দেশ পরিচালনার দায়িত্বে। তাই বুঝেশুনে কাজ করতে হবে। ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিয়েই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!