জনগণের সমর্থন থাকলে সব বাধা..

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ । ১৪:৪৯ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ । ১৫:০২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান বিএনপি সরকারের রাজনৈতিক শক্তির একমাত্র উৎস জনগণ। তাই জনগণের সমর্থন ও আস্থা যতদিন থাকবে, দেশ পুনর্গঠনের পথে কোনো বাধাই সরকারকে থামাতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়েই একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ডপ্রাপ্ত নারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে চাই, সামনে এগিয়ে নিতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ। জনগণ যতদিন আমাদের পাশে থাকবে, ততদিন কোনো বাধাই আমাদের লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না।”

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন নারী উপকারভোগীর সঙ্গে সরাসরি কথা বলেন সরকারপ্রধান। তাদের মধ্যে পারুল আখতার নামে এক নারী জানান, ফ্যামিলি কার্ড পাওয়ার পর সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে অনেক সুবিধা হয়েছে। তিনি ভবিষ্যতেও সরকারের এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গৌরনদীতে প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে। তবে যেসব পরিবার এখনও এ সুবিধা পায়নি, তাদেরও পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ কর্মসূচির মাধ্যমে শুধু স্বল্প আয়ের পরিবারকে সহায়তা নয়, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

নারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের এই উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশের প্রতিটি পরিবারে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নারীদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে।

দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাইকে সঙ্গে নিয়েই শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, “ধর্মীয় পরিচয় নয়, মানবিকতাই হবে আমাদের শক্তি। সবাইকে সঙ্গে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী সরকারের নতুন অঙ্গীকার তুলে ধরে বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ।” তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী বরিশাল শহরের ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে রওনা হন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!