ঢাবির নতুন উপাচার্য হিসেবে যোগদান..

প্রকাশ: 18 March 2026 । 15:42 | আপডেট: 18 March 2026 । 15:42

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) ধারা অনুযায়ী গতকাল অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) অপরাহ্ণে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। এর আগে সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে নব-নিযুক্ত উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমিরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

যোগদানের পর অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করা এবং বিশ্ব পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়কে আরও পরিচিত করাই হবে প্রথম কাজ। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব। ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে সবাইকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে চাই। এ লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। সফলভাবে দায়িত্ব সম্পন্ন করাই তিনি সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে তিনি যে কার্যক্রম গ্রহণ করেছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করা হবে। পাশাপাশি ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোনো ধরনের উপহার দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!