মির্জাগঞ্জে ঈদ উপহারের চাল আত্মসাতের..

প্রকাশ: 17 March 2026 । 20:57 | আপডেট: 17 March 2026 । 20:57

মির্জাগঞ্জ করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল বিতরণ না করে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারী ইউপি সদস্যের মেয়ে জামাতার চায়ের দোকান থেকে ৫ বস্তা সরকারি চাল জব্দ ও এক হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য রিনা বেগমের মেয়ে জামাতায় সুবিদখালী বাজারের সিকদার সড়কের চায়ের দোকানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে বিতরণের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে নির্ধারিত উপকারভোগীদের মাঝে তা বিতরণ না করে গোপনে সরিয়ে রাখার অভিযোগ এনে স্থানীয় কয়েকজন সংবাদকর্মী চাল আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সংবাদ জানান। এমন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মলিহা খানম অভিযান পরিচালনা করে নারী ইউপি সদস্য রিনা বেগমের মেয়ে জামাতার চায়ের দোকান থেকে সরকারী সিলযুক্ত পাটের বস্তা ভর্তি ৫ বস্তা চাল জব্দ করে।এ সময় সরকারী চাল মজুদ রাখার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐ নারী ইউপি সদস্যের মেয়েকে ১ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয়দের অভিযোগ, উপকারভোগীদের বঞ্চিত করে ইউপি সদস্যের যোগসাজশে চালগুলো বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল।

এদিকে চাল আটক ও জরিমানার বিষয়টি ধামাচাপা দিয়ে সংবাদ প্রচার না করার আশ্বাস দিয়ে অভিযুক্ত ইউপি সদস্য রিনা বেগমের নিকট থেকে এক সাংবাদিক ১০ হাজার টাকা নিয়েছেন বলে নারী ইউপি সদস্য রিনা বেগম অভিযোগ করেছেন।

ইউপি সদস্য রিনা বেগম চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ১৫ জন উপকারভোগীর মধ্যে ১১ জন নারী-পুরুষ একসাথে ইউপি কার্য্যালয়ে উপস্থিত হয়ে মাষ্টাররোলে স্বাক্ষর করে চাল গ্রহন করে নিয়ে সুবিদখালীতে এসেছেন। চাল আটকের সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।

কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, এ ঘটনা সাংবাদিকেরা মিডিয়ায় প্রকাশ করবে না এরকম আশ্বাস দিয়ে স্থানীয় এক সাংবাদিক আমাকে চাপ প্রয়োগ করে ১০ হাজার টাকা নিয়েছেন। আমি আমার ১ জোড়া স্বর্নের কানের দুল বন্ধক রেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবের সামনে ঐ সাংবাদিকের হাতে ১০ হাজার টাকা তুলে দিতে বাধ্য হয়েছি।

৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার খানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ না করায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোছাঃ মলিহা খানম বলেন, নারী ইউপি সদস্যের মেয়ের জামাতার দোকান থেকে ৫বস্তা চাল জব্দ করে তালিকানুযায়ী উপকারভোগীদের মাঝে বিতরনের জন্য ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়েছে এবং বিধি অনুযায়ী মজুদকারী ইউপি সদস্যের মেয়েকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!