ঈদের ছুটি বাড়ল একদিন
প্রকাশ: 19 June 2023 । 15:37 | আপডেট: 19 June 2023 । 15:37
খাইরুজ্জামান শ্রাবণ ষ্টাফ করেসপন্ডেন্ট :-
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। আগামী ২৭ জুন থেকে এ ছুটি কার্যকর হচ্ছে। সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত মঙ্গলবার (১৩ জুন) বিকেলে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, ঈদের সময় মানুষ যাতে সহজে গ্রামে যেতে পারেন সেজন্য আমরা আগামী ২৭ জুন থেকে ছুটির সুপারিশ করেছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে মন্ত্রিসভা।
বাংলাদেশে কোরবানির ঈদ কবে, জানা যাবে আজ
পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) কবে উদযাপিত হবে তা জানতে আজ সোমবার (১৯ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখান থেকেই ঈদ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামী ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরবি বছর ১৪৪৪ হিজরি সনের ১১তম মাস জিলকদের ২৯তম দিন আজ সোমবার। আর মহাকাশীয় গণনায় ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এবছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ জিলহজ মাস শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২০ জুন)।
গ্রেগরিয়ান বা ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও, আরবি মাসগুলো ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে, সোমবার বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে। আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।
প্রসঙ্গত, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বশেষ গত ঈদুল ফিতরে একদিন ছুটি বাড়ানোর অনুমোদন দেয় মন্ত্রিসভা। রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা তৈরি করা হয়েছিল।
সে অনুযায়ী ২১, ২২ ও ২৩ এপ্রিল (শুক্র, শনি ও রোববার) ঈদের ছুটি ছিল। তার আগে ১৯ এপ্রিল (বুধবার) ছিল শবে কদরের ছুটি। মাঝে ২০ তারিখ ছুটি ঘোষণা করায় ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত টানা ৫ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.