রেলের অগ্রিম টিকিটের শতভাগ অনলাইনে..

প্রকাশ: 14 June 2023 । 12:54 | আপডেট: 14 June 2023 । 12:54

সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট

রোজার ঈদের মতো কোরবানির ঈদেও রেলের অগ্রিম টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। ফলে বিগত বছরগুলোর মতো অগ্রিম টিকিট কাটার সেই চিরচেনা ভিড় নেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে।

দেখা যাচ্ছে না, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহানোর দৃশ্য।

বুধবার (১৪ জুন) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের টিকিট কাউন্টারগুলো একেবারেই ফাঁকা। শুধু নিয়মিত যাত্রীদের আনাগোনা রয়েছে ফ্ল্যাটফর্মে।

বিগত বছরগুলোতে প্রতিবারই ঈদের আগে ট্রেনের অগ্রিম টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো টিকিট প্রত্যাশীদের। হাজার হাজার মানুষ আগের দিন থেকে অগ্রিম টিকিটের জন্য কাউন্টারগুলোর সামনে লাইন ধরতো। ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তি নিয়ে লাইনে দাঁড়ালেও অনেক সময় মিলতো না প্রত্যাশা অনুযায়ী টিকিট। এর পাশাপাশি থাকতো দালালের দৌরাত্ম্য। সবমিলে ঈদের অগ্রিম টিকিট নিয়ে প্রতি বছরই থাকতো সাধারণ মানুষের তিক্ত অভিজ্ঞতা।

এসব সমস্যা সমাধানে গত ঈদুল ফিতর থেকে ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগ অনলাইনে বিক্রি শুরু করেছে রেলপথ মন্ত্রণালয়। যা এবার ঈদুল আজহায়ও অব্যাহত রয়েছে। ফলে ট্রেনের অগ্রিম টিকিটের জন্য স্টেশনের কাউন্টারগুলোতে লাইন ধরতে হচ্ছে না টিকিট প্রত্যাশীদের।

আজ (১৪ জুন) সকাল ৮টা থেকে অনলাইনে পবিত্র ঈদুল আজহার প্রথম দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকালে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হলেও, পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ১২টায়। আজ বিক্রি হচ্ছে আগামী ২৪ জুনের টিকিট।

রেলওয়ে সূত্রে জানা গেছে, এবার ১৪ জুন দেওয়া হবে আগামী ২৪ জুনের টিকিট। একইভাবে ১৫ জুন দেওয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুন দেওয়া হবে ২৬ জুনের টিকিট, ১৭ জুন দেওয়া হবে ২৭ জুনের টিকিট এবং ১৮ জুন দেওয়া হবে ২৮ জুনের টিকিট।

ঈদ পরবর্তী ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে ২২ জুন থেকে। সেই হিসাবে ২২ জুন দেওয়া হতে পারে ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট পাওয়া যেতে পারে।

 

৮ জোড়া বিশেষ ট্রেন চালানোর প্রস্তাব

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে পাঁচ দিন চাঁদপুর-চট্টগ্রাম ও ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এক জোড়া বিশেষ ট্রেন চালানো হবে ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে।

 

ভৈরব ও ময়মনসিংহ থেকে দুই জোড়া বিশেষ ট্রেন চালানো হবে শুধু ঈদের দিন শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য। এছাড়া আরও দুই জোড়া বিশেষ ট্রেন ঈদের আগে ও পরের ছয় দিন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে পঞ্চগড় ও লালমনিরহাট রুটে চলবে।

 

শুধু ৪ কাউন্টারে স্ট্যান্ডিং টিকিট

ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রতিদিন ৩২ হাজার আসনে যাত্রী পরিবহন করা হবে। মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট যাত্রীদের কাছে বিক্রি করা হবে। স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে শুধু ঢাকার কমলাপুর, ক্যান্টনমেন্ট, বিমানবন্দর ও গাজীপুরের জয়দেবপুর স্টেশন থেকে। মাঝপথে বিরতি নেয় এমন কোনো স্টেশনে স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাবে না।

 

যুক্ত হবে অতিরিক্ত বগি-ইঞ্জিন

রেলের অবহিতকরণ সভায় ওঠা প্রস্তাবে বলা হয়েছে, ঈদযাত্রায় ৬৫টি অতিরিক্ত বগি যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ৪০টি মিটারগেজ ও সৈয়দপুর ওয়ার্কশপ থেকে ২৫টি ব্রডগেজ বগি আনা হবে। এছাড়া ঈদকে কেন্দ্র করে পূর্বাঞ্চলে ১১৬টি এবং পশ্চিমাঞ্চলে ১০২টি মিলিয়ে মোট ২১৮ অতিরিক্ত ইঞ্জিন যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!