ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সবসময় দেশের ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন এবং দেশকে হানাদারমুক্ত করতে অগ্রণী ভূমিকা ও নেতৃত্ব দিয়েছেন।
আজ শনিবার সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএপির দলীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দিনব্যাপী কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে মন্ত্রী দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
মিজানুর রহমান মিনু আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো পেছনের দরজা দিয়ে বা কোনো স্বৈরাচারী কায়দায় রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি অতীতে অনেক পরীক্ষা দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর সর্বোচ্চ অবদান রয়েছে।
জিয়াউর রহমানকে সামনে নিয়েই এ দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ ও অর্থ গ্রহণ করতে পেরেছিল। বর্তমানে তাঁরই প্রদর্শিত ও রেখে যাওয়া আদর্শের পথে হেঁটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের মানুষের কল্যাণে ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী ও থানা বিএনপির নেতৃবৃন্দ এবং মহানগর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, ঐতিহাসিক সাথে নভেম্বর উপলক্ষে জেলা প্রশাসনসহ বিএনপি’র পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন