বহর সম্প্রসারণ ও ভবিষ্যৎ উড়োজাহাজ পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ চুক্তি সই হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিমানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেলের গ্রাউন্ড লেভেলের উৎসব হলে চুক্তি সই অনুষ্ঠান হবে। এতে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার উপস্থিত থাকবেন।

বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ চুক্তি করা হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন রুট চালুর সুযোগ তৈরি হতে পারে।

এর আগে বহর সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে দুই দফায় ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। এবার এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সেই বহর সম্প্রসারণ পরিকল্পনায় নতুন সংযোজন হতে যাচ্ছে।