আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট উপজেলাভিত্তিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। একটি উপজেলার সব ইউনিয়নে একই সময়ে ভোট নেওয়া হবে বলেও জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। পাঁচ নাকি ছয় ধাপে ভোট হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে একটি উপজেলার আওতাধীন সব ইউনিয়নে একই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, একই উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং অন্য ইউনিয়নগুলোতে ভিন্ন ধাপে ভোট হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে তিনি বলেন, যতদূর জানা গেছে, নির্বাচনে পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। এ ছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন এসেছে, যা পর্যালোচনা করে বিস্তারিত জানানো যাবে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।