শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট সফরের পথে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন।

শনিবার সকাল প্রায় ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে মন্ত্রী ট্রেন থেকে নেমে স্টেশনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন জানান, এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্টেশন পরিদর্শন শেষে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে করে সিলেটের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন মন্ত্রী। পথে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছু সময়ের জন্য যাত্রাবিরতি করলে মন্ত্রী ও সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় যাত্রীরা রেলসেবার বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নের বিষয়ে তাঁদের মতামত ও দাবি-দাওয়া তুলে ধরেন।

মন্ত্রী মনোযোগ দিয়ে স্থানীয়দের বক্তব্য শোনেন এবং রেলওয়ের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তাঁর এ সংক্ষিপ্ত পরিদর্শন ও জনসাধারণের সঙ্গে মতবিনিময়কে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং রেলসেবার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন।