আগামীকাল ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা বহু নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার (২৭ জুলাই) এক জরুরি বার্তায় দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

 

তিনি বলেন, ঢাকা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মীর আশরাফ আলী ও তার ছেলে ব্যারিস্টার মুনতাহা আলীকে বুধবার দিনগত রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় আশরাফ আলী দুই পা ভাঙাসহ গুরুতর আহত হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জরুরি বার্তায় রুহুল কবির রিজভী বলেন, ঢাকায় অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস আকন, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ প্রায় দুই শতাধিক নেতা-কর্মীকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।

তিনি বলেন, নয়াপল্টনের কাছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে মিডওয়ে হোটেল ও ভিক্টোরিয়া হোটেলেও অভিযান চালায় পুলিশ। ২৮ জুলাই মহাসমাবেশে যোগ দিতে আসা ৩০০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করে তারা।

রিজভী আরও বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে সমাবেশের স্বাধীনতার বিরুদ্ধে পুলিশের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে নেতাকর্মীদের মুক্তির দাবি জানাচ্ছি।