সারাদিন না খেয়ে থাকার পর পিপাসার্ত হৃদয় নিয়ে রোজাদাররা ইফতার করে। গুরুত্বপূর্ণ এই মুহুর্তটি রোজাদারের কাছে এক তৃপ্তিদায়ক মুহূর্ত।

ইফতারের জরুরি অনুষঙ্গ হচ্ছে নানারকম শরবত। রোজা খোলার পর যা হয়ে উঠতে পারে রোজাদারদের জন্য তৃষ্ণার শান্তি।

ফ্রুটস লাচ্ছি:-

যেসব উপাদান লাগবে:-

পাকা আম টুকরো করা ১ টেবিল চামচ, লিচু টুকরো ২টি, পাকা কলা টুকরো ১ টেবিল চামচ, আপেল টুকরো ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, ঘন দুধ ১ কাপ, মিষ্টি দই ২ কাপ এবং বরফ কুচি পরিমাণ মতো।

প্রস্তুত করবেন যেভাবে:-

প্রথমে চিনির সঙ্গে অন্যান্য ফল একটু ব্লেন্ড করে নিন। এরপর এর সঙ্গে মিষ্টি দই এবং ঘন দুধ মিশিয়ে ব্লেন্ড করুন। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন ফ্রুটস লাচ্ছি।

মালটার জুস:-

যেসব উপাদান লাগবে:-

মালটা ২টি, বিট লবণ স্বাদ অনুযায়ী, চিনি সামান্য, পুদিনা পাতা ২-৩টি এবং পানি প্রয়োজন মতো, বরফের টুকরা আধা কাপ।

প্রস্তুত করবেন যেভাবে:-

প্রথমে মালটার খোসা ছাড়িয়ে নিন। শুধু ভেতরের অংশ নিন বীচি ফেলে দিয়ে তার সঙ্গে অন্যসব উপকরণ নিয়ে একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

ডাব পুদিনার শরবত:-

যেসব উপাদান লাগবে:-

বড় ডাব ১টি (শাঁসসহ), পুদিনা পাতা কুচি করা আধা চা চামচ, বিট লবণ সামান্য, চিনি সামান্য, ডাবের শাঁষ ২ টেবিল চামচ, পাতলা পাতলা, করে কেটে নেয়া। বরফ টুকরো কয়েকটি।

প্রস্তুত করবেন যেভাবে:-

ডাবের পানির সঙ্গে অন্যান্য উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ব্লেন্ডারে অল্প ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচির সঙ্গে পরিবেশন করুন।

ম্যাঙ্গো নাট জুস:-

যেসব উপাদান লাগবে:

পাকা আম ১টি টুকরো করা, কাজুবাদাম ২ টেবিল চামচ, ঘন দুধ ২ কাপ, চিনি পরিমাণ মতো।

প্রস্তুত করবেন যেভাবে:-

পাকা আম, ঘন দুধ, চিনি এবং কাজুবাদাম একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশ করুন এই গরমে।