রাজশাহীতে জুলাই বিপ্লবে আত্মদানকারী শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ শনিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জুলাই বিপ্লবের শহীদদের পরিবারের সদস্যদের সাথে সময় কাটান এবং তাঁদের অভাব-অভিযোগ ও খোঁজখবর নেন ও ও তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শহীদ পরিবারের উদ্দেশে মন্ত্রী বলেন, “জুলাই বিপ্লবের বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এই তরুণদের আত্মত্যাগের মাধ্যমেই দেশে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। সরকার শহীদ পরিবারগুলোর পাশে আছে এবং তাঁদের পুনর্বাসনসহ যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মৃতি চারণ এবং আহত ও শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকারসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তিন শহীদ পরিবারের স্বজনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন