লন্ডনের বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস।
বৃহস্পতিবার (১২ জুন) একান্ত সাক্ষাতের জন্য তিনি যখন প্যালেসে পৌঁছান, তখন রাজা চার্লস তাকে স্বাগত জানান। পরে তারা প্রায় ৩০ মিনিট ধরে বৈঠক করেন।
রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার এই বৈঠক প্রসঙ্গে প্রেস সচিব জানান, সংস্কারমূলক উদ্যোগসহ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন।
বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, “এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল এটি। রাজা চার্লস ড. ইউনূসের কাজ সম্পর্কে ভালোভাবেই অবগত।”
প্রধান উপদেষ্টার ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আজ যে অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন, তা পুরো বাংলাদেশের জন্যই গর্বের বিষয়। মাইক্রোক্রেডিট সারা বিশ্বে দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আর সেই অবদানের স্বীকৃতিস্বরূপই এ সম্মাননা দেওয়া হচ্ছে।”
পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরাও বিভিন্ন ফলপ্রসূ বৈঠক করছেন বলে জানান প্রেস সচিব।
মন্তব্য করুন