দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বঙ্গোপসাগরের কুয়াকাটা উপকূলীয় এলাকায় মাছ আহরনে নেমেছেন জেলেরা। সমুদ্রে প্রথম ধাপের অভিযানে ফিরে আসা অনেকের জালে উঠছে আশানুরূপ ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ। এতে স্বস্তি ফিরেছে জেলেপল্লিতে।

বৃহষ্পতিবার সকালে কুয়াকাটার মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ডিঙ্গি নৌকা ও ছোট ট্রলার নিয়ে যাওয়া জেলেরা ফিরছেন বিভিন্ন রকম মাছ নিয়ে। অনেকে সাগরে প্রথমবারের মতো ইলিশ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করছেন।

তবে গভীর সমুদ্রে যাওয়া অধিকাংশ বড় ট্রলার এখনো ফিরে আসেনি। আবহাওয়া অনুকূলে থাকলে তাদের জালেও প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা করছে জেলা মৎস্য বিভাগ।

এবারই প্রথম ভারতের সঙ্গে সমন্বয় রেখে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সামুদ্রিক মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। এ সময় মাছের প্রজনন ও বৃদ্ধি নির্বিঘ্ন করতে উপকূলের জেলেরা ছিলেন স্থলভাগে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা মানায় উপকূলীয় অঞ্চলে ইলিশসহ প্রায় ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছের বংশবৃদ্ধির সুযোগ হয়েছে। যার প্রভাব জেলেদের জালে ইতিমধ্যে ধরা পড়তে শুরু করেছে।