দেশের বাজারে আরও এক দফা জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। এ দফায় ডিজেলের দাম ২ টাকা কমে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা, যা গত মাসে ছিল ১০৪ টাকা।
গতকাল শনিবার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন এ মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করে। আজ রবিবার (১ জুন) থেকে দাম কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১২১ টাকা থেকে কমিয়ে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে।
এর আগে, মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ও পেট্রোলের দাম ১ টাকা করে কমিয়ে যথাক্রমে ১২৫ টাকা ও ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। আর ফেব্রুয়ারি মাসে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ১ টাকা বৃদ্ধি পেয়েছিল।
২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে। সে অনুযায়ী প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।
মন্তব্য করুন