পটুয়াখালীর কলাপাড়ায় মাছ ধরতে গিয়ে রওশানারা বেগম (৪৫) নামের এক নারী জেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৭ মে দুপুরের দিকে চাকামইয়া ইউনিয়নের আরপাঙ্গাশিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। রওশানারা বেগম চাকামইয়া ইউনিয়নের দিত্তা আবাসনের বাসিন্দা এবং কাছেম হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল সোমবার বিকেলের দিকে মাছ ধরতে নদীতে যান রওশানারা। তবে রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তার পরিবার। পরে স্থানীয়দের সহায়তায় শুরু হয় খোঁজাখুঁজি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় তার পরিবার গভীর উদ্বেগে পড়ে। পরদিন মঙ্গলবার বেলা ১১ টার দিকে নদীর তীরে মাছ ধরার জাল টানার সময় রওশানারার মরদেহ ভেসে ওঠে। আশ্চর্যের বিষয়, তার এক হাতে তখনো জালের দড়ি বাধা ছিল।

এবিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, নারী জেলের মৃত্যুর ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে রওশানারার মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা উদঘাটনে কাজ করছে পুলিশ।