পটুয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফৌজদারি পুল এলাকায় সোমবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হিন্দু সমাজের পিছনে অ্যাডভোকেট চন্দন সোমাদ্দারের বসতঘরে আগুন লেগে তিনটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছারখার হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন এবং বাসাবাড়ি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে চন্দন সোমাদ্দারের ২ ভাই থাকতেন।

চন্দন সোমাদ্দারের ভাই গৌতম সোমাদ্দার বলেন, খালি পায়ে কোনরকম ঘর থেকে বের হতে পেরেছি, কোন কিছুই আগুন থেকে রক্ষা করতে পারি নাই, আগুনে ঘরের সকল মালামাল জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ সবকিছু আগুনে পুড়ে গেছে কোন কিছুই আর নাই।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, “ফোন পাওয়ার সাথে সাথে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।”