যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে ট্যাক্সিংয়ের সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের জন্য রানওয়ের দিকে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইট ৬৩৮ একই সংস্থার ফ্লাইট ২১৫২-এর ডানায় ধাক্কা দেয়। ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে সংস্থাটি।

একটি অডিও রেকর্ডিংয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বলতে শোনা যায়, বিমানবন্দরে দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস পাঠানোর অনুরোধ জানান তারা। একই সঙ্গে উড়োজাহাজ দুটিকে গেটে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দুটির ডানার প্রান্তভাগে সংঘর্ষ হয়েছিল। ঘটনার পর উড়োজাহাজ দুটি গেটে ফিরে আসে। পরে রক্ষণাবেক্ষণ দলের পরীক্ষার জন্য সেগুলোকে ফ্লাইট পরিচালনা থেকে সরিয়ে নেওয়া হয়। উভয় উড়োজাহাজের যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে। ভোগান্তিতে পড়া যাত্রীদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরগামী ফ্লাইট ২১৫২-এর এক যাত্রী বিবিসিকে জানান, উড্ডয়নের আগে রানওয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজটির ডান পাশে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তিনি। অন্যদিকে, ফ্লাইট ৬৩৮-এর গন্তব্য ছিল ডালাস-ফোর্ট ওয়ার্থ বিমানবন্দর।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতে একই বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষে ৬৭ জন নিহত হন। সেই ঘটনার পর আবারও বিমানবন্দরটিতে উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটল।