১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ সিলেট বিভাগের প্রায় ৫০টি খাসিয়া পুঞ্জির মানুষের মিলনমেলা, খাসি ভাষার প্রাথমিক বইয়ের মোড়ক উন্মোচন

সবুজ পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মাগুরছড়া। চারদিকে উৎসবের আমেজ, রঙিন ঐতিহ্যবাহী পোশাকে নারী-পুরুষ, শিশু-কিশোরের প্রাণবন্ত উপস্থিতি। কোথাও লোকজ গানের সুর, কোথাও ঐতিহ্যবাহী নৃত্যের ছন্দ। আবার কোথাও তীর-ধনুক, গুলতি চালানো কিংবা তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার রোমাঞ্চকর প্রতিযোগিতা। সব মিলিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির সবুজ প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক বর্ণিল মিলনমেলায়।

খাসিয়া বর্ষপঞ্জির ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নিতে সোমবার এখানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। সকাল ১০টা থেকে বিকেল সন্ধা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে সিলেট বিভাগের প্রায় ৫০টি খাসিয়া পুঞ্জির মানুষ অংশ নেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খাসিয়া নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশুদের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। তাদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতা দিয়ে তৈরি দৃষ্টিনন্দন মঞ্চে ছিল সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন। পুরো মাঠজুড়ে বসেছিল ঐতিহ্যবাহী মেলা ও নানা পণ্যের স্টল। নিজস্ব পোশাক, ভাষা, গান, নৃত্য ও লোকজ সংস্কৃতির অনন্য উপস্থাপনায় উৎসবটি হয়ে ওঠে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্য ও আত্মপরিচয় তুলে ধরার এক প্রাণবন্ত আয়োজন।

ঐতিহ্যের শেকড় থেকে ‘সেং কুটস্নেম’

খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়। উৎসবটির পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। ব্রিটিশ শাসনামলে ১৮৯৯ সালে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়লে সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গঠিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ২৩ নভেম্বর দিনটি উদযাপন করা হয়।
বাংলাদেশে ২০১১ সাল থেকে উৎসবটি আরও বড় পরিসরে পালিত হয়ে আসছে। সময়ের পরিক্রমায় এটি শুধু বর্ষবিদায়ের অনুষ্ঠান নয়, বরং খাসিয়া জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয় পরিচয় সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে।

লোকজ খেলায় মেতেছিল নতুন প্রজন্ম

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল খাসিয়া সম্প্রদায়ের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। খাসিয়া ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী শিল্পীদের মনোমুগ্ধকর লোকনৃত্য ও নিজস্ব ভাষায় গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এ ছাড়া ছিল তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠে মুঠোফোন পুরস্কার জেতার রোমাঞ্চকর প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী তীর-ধনুক ও গুলতি চালানোর প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সী প্রতিযোগীরা। খাসিয়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পান গুছানোর ঐতিহ্যবাহী পর্বও ছিল উৎসবের অন্যতম আকর্ষণ।

এসব আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে নিজেদের পূর্বপুরুষের জীবনধারা, লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার চেষ্টা ছিল চোখে পড়ার মতো।

খাসি ভাষার প্রাথমিক বইয়ের মোড়ক উন্মোচন

উৎসবের একটি বিশেষ আকর্ষণ ছিল খাসি ভাষায় প্রাথমিক স্তরের বইয়ের মোড়ক উন্মোচন। মাতৃভাষায় শিক্ষা ও নিজস্ব ভাষা সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে প্রকাশিত বইগুলোর মোড়ক উন্মোচন করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিসন প্রধান, মারিয়াংয়ের নির্বাহী পরিচালক আন্তনী মুখিম এবং বিভিন্ন খাসিয়া পুঞ্জির মন্ত্রীরা। খাসি ভাষায় প্রাথমিক স্তরের বই প্রকাশের এ উদ্যোগকে উৎসবে উপস্থিত ব্যক্তিরা গুরুত্বের সঙ্গে দেখেন। নিজস্ব ভাষায় শিক্ষা ও চর্চার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার ঐতিহ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

আলোচনা সভায় ঐতিহ্য সংরক্ষণের আহ্বান

খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসন সুচিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ থানার পরিদর্শক শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ অনেকে।

সভাপতির বক্তব্যে জিডিসন সুচিয়াং বলেন, পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ নিজেদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহ বজায় রেখে বসবাস করছেন। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের এই আয়োজনের মধ্য দিয়ে খাসিয়ারা নিজেদের ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতি তুলে ধরেন।

সংস্কৃতি ও সম্প্রীতির বর্ণিল মিলনমেলা

মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে দিনব্যাপী ‘সেং কুটস্নেম’ উৎসব যেন মনে করিয়ে দিল, একটি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যই তার স্বতন্ত্র পরিচয়ের প্রধান ভিত্তি। প্রায় ৫০টি খাসিয়া পুঞ্জির মানুষের অংশগ্রহণ, লোকজ খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং খাসি ভাষার প্রাথমিক বইয়ের মোড়ক উন্মোচন—সব মিলিয়ে আয়োজনটি পেয়েছিল ভিন্ন মাত্রা।

১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণের আনন্দে মেতে ওঠা মাগুরছড়ার এই উৎসব তাই শুধু একটি বর্ষবিদায় অনুষ্ঠান নয়; এটি খাসিয়া জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার এক প্রাণবন্ত অঙ্গীকার। একই সঙ্গে নানা ভাষা ও সংস্কৃতির মানুষের সহাবস্থান এবং সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।