সবুজ পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা মাগুরছড়া। চারদিকে উৎসবের আমেজ, রঙিন ঐতিহ্যবাহী পোশাকে নারী-পুরুষ, শিশু-কিশোরের প্রাণবন্ত উপস্থিতি। কোথাও লোকজ গানের সুর, কোথাও ঐতিহ্যবাহী নৃত্যের ছন্দ। আবার কোথাও তীর-ধনুক, গুলতি চালানো কিংবা তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠার রোমাঞ্চকর প্রতিযোগিতা। সব মিলিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির সবুজ প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক বর্ণিল মিলনমেলায়।
খাসিয়া বর্ষপঞ্জির ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নিতে সোমবার (২৩ নভেম্বর) এখানে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন খাসিয়া সম্প্রদায়ের মানুষ। তাদের সঙ্গে উৎসবে যোগ দেন স্থানীয় বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকেরা।
বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতা দিয়ে তৈরি দৃষ্টিনন্দন মঞ্চে ছিল সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন। পুরো মাঠজুড়ে বসেছিল ঐতিহ্যবাহী মেলা ও নানা পণ্যের স্টল। নিজস্ব পোশাক, ভাষা, গান, নৃত্য ও লোকজ সংস্কৃতির অনন্য উপস্থাপনায় উৎসবটি হয়ে ওঠে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্য ও আত্মপরিচয় তুলে ধরার এক প্রাণবন্ত আয়োজন।
ঐতিহ্যের শেকড় থেকে ‘সেং কুটস্নেম’
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, ‘সেং কুটস্নেম’ শব্দের অর্থ খাসি বর্ষবিদায়। উৎসবটির পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। ব্রিটিশ শাসনামলে ১৮৯৯ সালে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়লে সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গঠিত হয়। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতিবছর ২৩ নভেম্বর দিনটি উদযাপন করা হয়।
বাংলাদেশে ২০১১ সাল থেকে উৎসবটি আরও বড় পরিসরে পালিত হয়ে আসছে। সময়ের পরিক্রমায় এটি শুধু বর্ষবিদায়ের অনুষ্ঠান নয়, বরং খাসিয়া জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয় পরিচয় সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজনে পরিণত হয়েছে।
লোকজ খেলায় মেতেছিল নতুন প্রজন্ম
উৎসবের অন্যতম আকর্ষণ ছিল খাসিয়া সম্প্রদায়ের হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। খাসিয়া ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী শিল্পীদের মনোমুগ্ধকর লোকনৃত্য ও নিজস্ব ভাষায় গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এ ছাড়া ছিল তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠে মুঠোফোন পুরস্কার জেতার রোমাঞ্চকর প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী তীর-ধনুক ও গুলতি চালানোর প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সী প্রতিযোগীরা। খাসিয়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পান গুছানোর ঐতিহ্যবাহী পর্বও ছিল উৎসবের অন্যতম আকর্ষণ।
এসব আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে নিজেদের পূর্বপুরুষের জীবনধারা, লোকজ ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার চেষ্টা ছিল চোখে পড়ার মতো।
আলোচনা সভায় ঐতিহ্য সংরক্ষণের আহ্বান
খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী ( খাসিয়াদের প্রধান) জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার, কমলগঞ্জ থানার পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জিডিসন প্রধান সুচিয়াং বলেন, পর্যটন জেলা মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ নিজেদের বৈচিত্র্যময় সাংস্কৃতিক আবহ বজায় রেখে বসবাস করছেন। প্রতিবছর ২৩ নভেম্বর বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের এই আয়োজনের মধ্য দিয়ে খাসিয়ারা নিজেদের ঐতিহ্য, পোশাক ও সংস্কৃতি তুলে ধরেন।
সংস্কৃতি ও সম্প্রীতির বর্ণিল মিলনমেলা
মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে দিনব্যাপী ‘সেং কুটস্নেম’ উৎসব যেন মনে করিয়ে দিল, একটি জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যই তার স্বতন্ত্র পরিচয়ের প্রধান ভিত্তি। প্রজন্ম থেকে প্রজন্মে সেই পরিচয়কে বাঁচিয়ে রাখার প্রত্যয় নিয়ে খাসিয়াদের এ আয়োজন হয়ে উঠেছে ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণের আনন্দে মেতে ওঠা মাগুরছড়ার এই উৎসব তাই শুধু খাসিয়াদের নয়, বৃহত্তর সমাজের সাংস্কৃতিক বৈচিত্র্যেরও এক উজ্জ্বল উদাহরণ।
মন্তব্য করুন