দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত জবাব দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী বন্দুকের মুখে ১৬ বছর দেশকে জোর করে শাসন করেছে। এ সময় মানুষের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে যেতে চায় না। যারা নিশিরাতের ও ‘আমি-ডামি’ নির্বাচন করেছিল, তারাই আবার দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
প্রধানমন্ত্রী বলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি। এ এলাকায় গ্যাসলাইন আনেনি, ইপিজেডও স্থাপন করেনি। কারণ, দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ ছিল না। বরং প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, তারা দেশের মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে পালিয়ে গিয়ে সেখানকার প্রভুদের খুশি করতে আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার, বাক্স্বাধীনতা ও গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তা আবার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক দিনে দেখা গেছে, ক্ষমতায় থাকাকালে তারা মানুষের সম্পত্তি লুট করেছে, নির্যাতন ও গুম করেছে। দেশ ছেড়ে পালানোর পরও অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি শুরু করেছে। ক্ষমতা ধরে রাখতে তারা ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি চায়। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলন করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিতে হবে—‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়।’
লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনেও তারা গণতন্ত্রের পক্ষে থাকবে বলে তিনি আশা করেন।
তিনি আরও বলেন, সরকার দেশের শিল্প-কলকারখানা গড়ে তোলা, উৎপাদন বৃদ্ধি, কৃষি উৎপাদন বাড়ানো এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চায়। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
মন্তব্য করুন