ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ—এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস রয়েছে। এই জাতিকে ভারতে বসে উসকানি দিয়ে বোমাবাজি করে দমানো যাবে না। রক্তের দাগ এখনো শুকায়নি।’

তিনি বলেন, ‘যিনি আওয়ামী লীগ গঠন করেছিলেন, সেই ভাসানীকে আওয়ামী লীগ নেতারা ভারতের চর বলেছেন। আর আজকে ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা উসকানি দিচ্ছে। তাদের কর্মীরা থানা, পুলিশের গাড়ি ও বিএনপি নেতাদের বাড়িতে আগুন দিচ্ছে। গলি থেকে বোমা মারার পাশাপাশি বাসে আগুন দিচ্ছে। আর তাদের নেতারা কলকাতা-দিল্লিতে ফ্ল্যাট কিনছে।’

শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী আরও বলেন, ‘ফের ব্যাংক লুটপাট আর বাপের জমিদারি উদ্ধারে টোকাইদের দিয়ে বোমাবাজি করে ফেরার চেষ্টা করছেন।’