তৈরি পোশাক কারখানার ভেতরে একটি মহল ভীতিকর পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, এমন পরিস্থিতিতে সাধারণ শ্রমিকরা কারখানায় কাজ করতে পারছেন না। তবে চলমান অস্থিরতার মধ্যেও আগামী সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডে নতুন মজুরি কাঠামোর লিখিত প্রস্তাব জমা দেবেন মালিকরা।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে কারখানা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, একটি মহল কারখানার ভেতরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। ফলে সাধারণ শ্রমিকরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। এতে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি সংকটে পড়ছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, চলমান শ্রমিক আন্দোলনের কারণে শনিবার ৫৫টি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া মালিকদের চেষ্টা সত্ত্বেও আরও ৯২টি কারখানায় উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতেও মজুরি বোর্ডে নতুন বেতন কাঠামোর প্রস্তাব জমা দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মাহমুদ হাসান খান বাবু। একই সঙ্গে কারখানাগুলো সচল রাখা এবং শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ সহযোগিতা চান শিল্পমালিকরা।
মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবিতে প্রায় তিন সপ্তাহ ধরে তৈরি পোশাকশিল্পাঞ্চলগুলোতে শ্রমিক বিক্ষোভ ও আন্দোলন চলছে। সরকার মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অনেক মালিক এখনো কারখানা পুরোপুরি সচল করতে পারেননি। কোথাও কারখানা বন্ধ রয়েছে, আবার কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় উৎপাদন চলছে।
মজুরি বোর্ডের তৃতীয় সভার দুদিন আগে শনিবার জরুরি বৈঠকে বসেন শিল্পমালিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, চলমান শ্রমিক অসন্তোষের কারণে যেসব মালিক কারখানা চালাতে পারছেন না, তারা শ্রম আইন অনুযায়ী রোববার (১৫ নভেম্বর) থেকে কারখানা বন্ধ রাখবেন।
মন্তব্য করুন