প্রধানমন্ত্রী তারেক রহমান নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সঙ্গে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকারি সেবা নিতে গিয়ে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, তা কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অত্যন্ত জরুরি। সরকারি কর্মকর্তাদের প্রধান পরিচয় তারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং তাদের মূল দায়িত্ব জনগণের সেবা করা।

তিনি বলেন, নাগরিকের সঙ্গে এমন আচরণ করতে হবে, যেমন আচরণ একজন কর্মকর্তা নিজে সেবা নিতে গিয়ে প্রত্যাশা করেন। কোনো আবেদনপত্রে ভুল থাকলে শুধু ফিরিয়ে না দিয়ে ভুলটি চিহ্নিত করে সংশোধনের উপায় জানিয়ে দেওয়াও মানবিক প্রশাসনের অংশ।

কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো স্থানে যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।

প্রশাসনে রাজনৈতিক নিরপেক্ষতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকতে পারে। তবে সেই সমর্থনের প্রতিফলন ঘটতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়।

সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানোর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে নবীন কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অন্যরা।