সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ছাড়া সরকারি কার্যক্রমে স্বচ্ছতা আনা এবং কার্যকর নীতিনির্ধারণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি তথ্যের নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তথ্য বা ডেটা। নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা ও সরকারি কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয়।
তিনি বলেন, পরিসংখ্যান হতে হবে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য, যাতে জনগণ, গবেষক ও নীতিনির্ধারকেরা এসব তথ্যের ওপর আস্থা রাখতে পারেন। সরকারি তথ্যে কারসাজি করা হলে তা সরকারের নিজের সঙ্গেই প্রতারণার শামিল।
বর্তমান সরকারের প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে আমির খসরু বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং সরকারের কর্মসূচির সঙ্গে তাঁদের কাজের সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্বাচিত সরকারের নীতি ও কর্মপরিকল্পনার সঙ্গে সরকারি কর্মকর্তাদের কাজের সমন্বয় স্বাভাবিক বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
অর্থনীতিকে গণতান্ত্রিক করার ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড ও নীতিনির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে নির্ভরযোগ্য পরিসংখ্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের ভিত্তিতেই দেশের বৈষম্য চিহ্নিত করা, সমস্যার সমাধান এবং নতুন গবেষণার সুযোগ তৈরি সম্ভব।
তিনি আরও বলেন, কোনো সমস্যার গভীরে যেতে হলে আগে সঠিক তথ্য জানতে হবে। অতীতের ভুলত্রুটি চিহ্নিত করে সমাধানের পথ বের করতেই সরকার পরিসংখ্যান ও তথ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। ডেটা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করে।
তথ্যের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করার ওপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার যত বেশি তথ্য উন্মুক্ত করবে, জনগণের মতামত ও প্রতিক্রিয়া জানার সুযোগ তত বাড়বে। এতে ভুলত্রুটি চিহ্নিত করা এবং নীতিনির্ধারণে প্রয়োজনীয় সংশোধন আনা সহজ হবে। গবেষক ও সাধারণ মানুষের সহজ ব্যবহারের জন্য অনলাইনে একটি উন্মুক্ত তথ্যভান্ডার (ওপেন ডেটাবেজ) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য শুধু সরকারের একক সম্পদ নয়; এটি গবেষক, নাগরিকসহ সংশ্লিষ্ট সবার জন্য উন্মুক্ত থাকতে হবে।
নীতিমালা প্রণয়নের পাশাপাশি বাস্তবায়নের দুর্বলতা দূর করার তাগিদ দিয়ে তিনি উন্নত ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ উদ্যোগ বাস্তবায়নেও নির্ভরযোগ্য ও সঠিক তথ্যের প্রয়োজন হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে আমির খসরু বলেন, সংস্থাটির জনবলসংকটসহ বিভিন্ন সমস্যার বিষয়ে সরকার অবগত। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন