পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর বাড়ী থেকে দুইশত গজ দূরে দক্ষিন পাশে একটি বাগানের মধ্যে ডোবা থেকে ইসরাত জাহান যুথি (১৬) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিন ঘটকের আন্দুয়া গ্রামে। নিহত ইসরাত জাহান যুথি সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও দক্ষিন ঘটকের আন্দুয়া গ্রামের মোঃ জামাল হাওলাদারের কন্যা ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, যুথি প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের নির্বাচনী পরিক্ষায় অংশ নিতে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। বিদ্যালয়ের পরীক্ষার পরে যুথি বাড়ী না ফেরায় পরিবারের লোকজন আত্মীয় স্বজনদের বাড়ীতে তাকে খোঁজাখুঁজি করে তার কোনও সন্ধান পাননি। ঐদিনই যুথির মা বিদ্যালয়ে গিয়ে খোঁজ করলে শিক্ষকরা জানান,ঐ দিন যুথি বিদ্যালয়ে যায়নি।

জানা যায়, বৃহস্পতিবার সকালে নিখোঁজ মেয়ের সন্ধানে জামাল হাওলাদার বাড়ী থেকে বের হলে বাড়ী থেকে প্রায় দুইশ গজ দূরে একটি বাগানের পার্শ্বে গ্রামীন সড়কে যুথির ব্যবহৃত জুতা দেখতে পান। জুতার সূত্র ধরে খোঁজ করতে করতে বাগানের ভিতরে একটি ডোবার মধ্যে মেয়ের মরদেহ পরে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, ইসরাত জাহান যুথি নামের দশম শ্রেনীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা মির্জাগঞ্জ থানা পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থলে উপস্থিত থেকে সমন্বিত ভাবে কাজ করছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মৃত্যুর সঠিক কারন উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।