প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই।
বুধবার (২৮ অক্টোবর) জাপানে অনুষ্ঠিত এ সাক্ষাতে আকাজাওয়া বলেন, বাংলাদেশ বর্তমানে বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন এবং দেশটিতে বিনিয়োগ বাড়াতে জাপান আগ্রহী বলেও জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জাপান সরকারের অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। দুই দেশের শীর্ষ বৈঠকে আলোচিত সহযোগিতার ক্ষেত্রগুলো এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ কাজে লাগিয়ে আরও বিনিয়োগ আকৃষ্ট করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুজনই দুইবার করে জাপান সফর করেছেন। তাঁদের সময় থেকেই দুই দেশের সম্পর্কের উন্নয়নের ধারাবাহিকতা তৈরি হয়েছে। তিনি এ ঐতিহ্য এগিয়ে নিতে চান।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
মন্তব্য করুন