সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি চালু করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিরাপত্তাঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়। পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা ত্রুটি থেকে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সে সময় আরিফ হোসেন খান জানিয়েছিলেন, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে ঝুঁকি এড়াতে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরে ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ শুরু করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা তৈরি হয়েছিল। এসব ত্রুটি কাজে লাগিয়ে সম্ভাব্য হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারেন। এতে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে এসব নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কোনো সাইবার হামলা হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্মসহ বিভিন্ন অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে পিএইচপি ব্যবহার করলেই কোনো ওয়েবসাইট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে না; বরং ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ ও সার্ভারের সুরক্ষাব্যবস্থার ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করে।