রাজশাহীর বন্ধ হয়ে যাওয়া সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশম কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজশাহী কৃষিপ্রধান অঞ্চল। এখানে আখ, সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদিত হয়। পাশাপাশি এ অঞ্চলে সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশমশিল্প রয়েছে। তবে দীর্ঘদিন ধরে এসব শিল্পপ্রতিষ্ঠানের অনেকগুলো বন্ধ পড়ে আছে।
তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বন্ধ কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে কাজ করছে। এসব প্রতিষ্ঠান চালু করা সম্ভব হলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে।
কৃষক ও নিম্নআয়ের মানুষের আর্থিক সহায়তার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, তারেক রহমানের উদ্যোগে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে কৃষক, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন, একজন দরিদ্র মানুষ মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা পেতে পারেন। নিম্নআয়ের মানুষের আর্থিক সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে এসব উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্তব্য করুন