বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন ও উদ্যানের আধুনিকায়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। বিরোধী দল আগের অবস্থানে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উভয় আন্দোলনের লক্ষ্য ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।
জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এই সরকার দেশ পরিচালনা করবে।
বিরোধী দলের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না। তাই ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন