কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে পেট্রোল বোমা ও বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় বাউল ভক্ত-অনুসারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরে পুলিশের বিশেষায়িত দল বস্তুগুলো নিষ্ক্রিয় করে।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের পাশে একটি নারিকেলগাছের নিচে সাদা রঙের মিষ্টির প্যাকেটে মোড়ানো অবস্থায় বস্তুগুলো দেখতে পান স্থানীয় এক বাউল। পরে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে র‍্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে পুলিশের বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী দলকে (এসআরইউ) খবর দেওয়া হয়। দলটি ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো নিষ্ক্রিয় করে।

ঘটনার পর আখড়াবাড়ি ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কে বা কারা এসব বস্তু সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বস্তুগুলো সেখানে কে বা কারা রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।